পাকিস্তান সফরে যাচ্ছেন নাসের রহমান, স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলে পাঁচ এমপি

November 18, 2026,

স্টাফ রিপোর্টার : পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সফরে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল। আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এ সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য অংশ নেবেন। এ প্রতিনিধি দলে রয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের আইপিএ শাখা-২ থেকে ১৭ নভেম্বর জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সফর সামনে রেখে আগামী ১৯ নভেম্বর দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে (পশ্চিম ব্লক, লেভেল-৫) প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নোটিশে উল্লেখিত প্রতিনিধি দলের সংসদ সদস্যরা হলেন—ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকারের সহকারী একান্ত সচিব মো: আকবর হোসেনের নামও প্রস্তুতিমূলক সভার সদস্য তালিকায় রয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে সভায় পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।

সংসদীয় কূটনীতিতে গুরুত্ব :

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদ সদস্যদের প্রতিনিধি দল বিনিময় এবং সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞতা ভাগাভাগির বিষয়গুলো এ সম্পর্কের আলোচনায় রয়েছে।

এর আগে গত ১ নভেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ওই বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশের সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, সংসদীয় প্রতিনিধিদলের এ সফরের মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com