মৌলভীবাজার জেলা সদরের ১২ ইউনিয়নে ২য় ধাপে ভোট গ্রহণ ৪ ফেব্রুয়ারি

November 18, 2026,

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি ও পরিসংখ্যান চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে পাঁচটি ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নে ২য় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সোমবার ১৬ নভেম্বর নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ সাংবাদিকদের সামনে নির্বাচনের এই বিস্তারিত রোডম্যাপ তুলে ধরেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশব্যাপী স্থানীয় সরকারের এই বৃহৎ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাঁচটি ধাপে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি ধাপের ভোটগ্রহণই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ঘোষিত সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদরসহ দেশের ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হবে। পরবর্তীতে ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, ১৩ মে চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচনের মধ্য দিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়াটি সমাপ্ত হবে।

দ্বিতীয় ধাপে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ সামনে আসার পর থেকেই মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপার কাগাবলা, আখাইলকুড়া, একাটুনা, চাঁদনীঘাট, কনকপুর, আমতৈল, নাজিরাবাদ, মোস্তফাপুর ও গিয়াসনগর—এই ১২টি ইউনিয়নের গ্রামীণ জনপদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন। ভোরের চায়ের দোকান থেকে শুরু করে রাতের হাটবাজার—সবখানেই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ধাপের ভোটের তারিখের অন্তত ৩৮ থেকে ৫০ দিন আগে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে এবং ধাপভিত্তিক ইউনিয়নের চূড়ান্ত তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আগামী ১০ ডিসেম্বরের আগেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপে বসবে ইসি। এবারের ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com