কমলগঞ্জে ভূমি অধিকার নিশ্চিতকরণসহ ৯ দফা দাবি আদায়ে চা ছাত্র যুবকদের মানববন্ধন

July 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ জাগো চা শ্রমিক জাগো এই শ্লোাগান নিয়ে চা বাগানে ভূমি অধিকার নিশ্চিতকরণসহ ৯ দফা দাবি আদায়ে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌহমুহনায় ২৮ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় চা শ্রমিক ছাত্র ও যুবকরা মানববন্ধন কর্মসূচী পালন করে। ঢাকাসহ দেশের ১৩ টি স্থানেও একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের নেতৃত্বে শমশেরনগর চৌমুহনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে অংশগ্রহন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদসহ নানা পেশার মানুষজন। চা ছাত্র যুবকদের পক্ষে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোপাল মাদ্রাজী, রাম ভজন রবিদাস, মিঠুন রিকিয়াশন, সনাতন লোহার, কৈলাশ রবিদাস, রাজ কুমার রবিদাস, ও রঞ্জিত রবিদাস। মানববন্ধন কর্মসূচীতে আয়োজক প্রধান মোহন রবিদাস বলেন, চা শ্রমিকরা এ দেশের নাগরিক। চা শ্রমিকদের ভোটে সিলেট বিভাগের ১টি আসনের সাংসদ নির্বাচিত হলেও সাংসদরা সংসদে গিয়ে চা শ্রমিকদের দু:খ দুর্দশার কথা বলেন না। চা শ্রমিকরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও সরকারীভাবে এখন পর্যন্ত চা শ্রমকিদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে দেশের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকুরী থেকে সকল ক্ষেত্রে যে সুবিধা ভোগ করছে চা শ্রমিকরা এ সুবিধা ভোগ করতে পারছে না। চা শ্রমিকদের মাঝে ৮৫টি জাতি সম্প্রদায় ও তাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। তা বিকাশের কোন সুযোগ পাচ্ছে না। চা শ্রমকি পরিবার ও চা শ্রমিক ছাত্রদের ৯ দফা দাবি আদায়ে সরকারকে এক সপ্তাহের সময় বেধে দেওয়া হয় এ কর্মসূচী থেকে। অন্যতায় আগামীতে আরও বড় ধরনের কর্মসূচী পালন করা হবে।
মোহন রবিদাস আরও জানান, শুক্রবার একযোগে ঢাকা প্রেসক্লাবের সামনে হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, চুনারুঘাট, মাধবপুর বাহুবলসহ মোট ১৩টি স্থানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com