কমলগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের বেইজ লাইন সার্ভে বিষয়ক ওরিয়েন্টেশন

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বেসরকারী সংস্থা ওয়াফ এর আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প ৬৪ জেলার আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের বেইজ লাইন সার্ভে বিষয়ক ওরিয়েন্টেশন ২১ আগষ্ট সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, কমলগঞ্জ ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস, মৌলভীবাজারের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান (ওয়াফ) এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
মৌলভীবাজার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আমিরুল কবিরের সভাপতিত্বে ও ওয়াফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলিক শিক্ষা প্রকল্প, ওয়াফ এর উপজেলা কো-অর্ডিনেটর হরে কৃষ্ণ চক্রবর্তী, ই-সেবী কর্মসুচী’র উপজেলা কো-অর্ডিনেটর মিনহাজ নাসির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক মৌলিক স্বাক্ষরতা প্রকল্পটি দেশের মধ্যে সেরা বাস্তবায়ন দেখতে চান বলে সকলকে উৎসাহিত করেন। এজন্য ইউএনও হিসেবে তাঁর সকল প্রকার আন্তরিক সহযোগিতা ও কঠোর মনিটরিং এর নিশ্চয়তা প্রদান করেন। দিনব্যাপী প্রকল্প বিষয়ক আলোচনা ও সার্ভে সংক্রান্ত বিশদ উপস্থাপন করা হয়। ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রতিটি থেকে ৩ জন করে মোট ৩০জন অংশগ্রহনকারী এই ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন।
ওয়াফ সূত্রে জানা যায়, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গৃহিত বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক সারা দেশের ৬৪ টি জেলার ২৫০ টি উপজেলায় ১৫ হইতে ৪৫ বছর বয়সী নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনার জন্য ” মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) ” নামের প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ১৫০ টি প্রাথমিক বিদ্যালয় ও বাইরে কোন বাড়ী বা অন্যত্র আরো ১৫০ টি কেন্দ্র স্থাপন করে মোট ৩০০ টি শিক্ষা কেন্দ্র পরিচালনা করা হবে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন মহিলা শিক্ষার্থীর জন্য ১ জন মহিলা শিক্ষক এবং ৩০ জন পূরুষ শিক্ষার্থীর জন্য ১ জন পূরুষ শিক্ষক নিয়োগ করে কেন্দ্র পরিচালনা করা হবে। প্রতিটি উপজেলায় ৩০০ শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার এবং সারা বাংলাদেশে ৪৫ লক্ষ নিরক্ষর জনগোষ্ঠীকে অত্র প্রকল্পের মাধ্যমে সাক্ষরতার আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মৌলভীবাজার জেলার ৪ টি উপজেলা কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগর এ প্রকল্পের আওতাভূক্ত।



মন্তব্য করুন