বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই দেশের স্বাধীনতা আসে ——-উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, একক নেতৃত্বে দেশের স্বাধীনতা আসে নাই, এটা মিথ্যাচার, এ কথা যারা বলেন তারা স্বাধীনতা বিশ্বাস করেনা। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই দেশের স্বাধীনতা আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কোন সুযোগ নেই। বিএনপি আর জামাত জোট সন্ত্রাসী কার্যকলাপ করে দেশের ভাবমুর্তি নষ্ট করায় লিপ্ত ছিলো। তারা হরতাল অবরোধ করে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মাধ্যমে ক্ষমতায় আসার নীল নকশার ষড়যন্ত্র করেছিলো। জনগণ তার সবই বুঝেছে। তাদের সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে। তিনি ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মাধবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আসিদ আলীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আলমগীর আহমেদ চৌধুরী শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ শফিকুর রহমান জহুর, ইউপি সদস্যা পারুল কুরাইয়া, উপজেলা যুবলীগের সদস্য দেবাশিষ চক্রবর্তী শিপন, ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, নারায়ন রাজবংশী প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।



মন্তব্য করুন