কমলগঞ্জে বর্গা চাষীদের মতবিনিময় সভা

March 21, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় বর্গা চাষীদের সাথে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে কালাম মিয়ার দোকান সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমদ ও উপজেলা উন্নয়ন সহায়ক কর্মকর্তা সাজিদুর রহমানসহ এলাকার অর্ধশত বর্গাচাষী।
মতবিনিময় সভায় বর্গা চাষী মাহমুদ আলী, নূর মিয়া, কালাম মিয়া ও মুজিব মিয়াসহ চাষীরা বলেন, তাদের নিজের কোন জমি নেই। তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। এবারও তারা অন্যের জমি বর্গা নিয়ে বোরো চাষাবাদ শুরু করেছেন। তবে তাদের সমস্যা হচ্ছে বীজ, সার ও সেচের পানি। তাই মতবিনিময় সভায় উপস্থিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উন্নয়ন সহায়ক কর্মকর্তার কাছে তাদের এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা কামনা করেন। তারা যদি এসব সুবিধা ভোগ করতে পারেন তা হলে মাঠে একনিষ্ঠ হয়ে চাষাবাদ করে অধিক উৎপাদন করতে পারবেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমদ বর্গাচাষীদের সাথে মতবিনিময় সভার সত্যতা নিশ্চিত করে বলেন, চাষাবাদে কিছু প্রশিক্ষণমূলক কথাবার্তাও আলোচনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com