কমলগঞ্জে ইসকন মন্দিরে ঢুকে প্রতারনা করার চেষ্টাকালে ১ প্রতারক আটক

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে হিন্দু সেজে ইসকন মন্দিরে ঢুকে প্রতারনা করার চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ধরা পড়ে মোঃ রবিউল (৩৮) নামে ১ প্রতারক। এলাকাবাসী তাকে মারধর করে থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৬ জুলাই পাত্রখোলা চা বাগান এলাকার ইসকন নামহট্ট মন্দিরে।
আটক রবিউল চাঁদপুর জেলার কচুঁয়া উপজেলার প্রশন্নকান্দি ফতেপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। জানা যায়, শুক্রবার বিকালে সে একজন অভুক্ত হিন্দু ভক্তের পরিচয়ে পাত্রখোলা ইসকন নামহট্ট মন্দিরে প্রবেশ করে। সেখানে প্রসাদও গ্রহণ করে। পরে মন্দিরের সেবাইতের কাছে জানায় যে, সে তার পিতৃপুরুষের নামে একটি বৈষ্ণব সেবা প্রদান করতে চায়। মন্দির কর্তৃপক্ষ সরল বিশ্বাসে সব আয়োজনও করেন। আয়োজনের একপর্যায়ে শাস্ত্রীয় ক্রিয়া কর্মের প্রাক্কালে তার জন্য তার নাম ও গোত্র পরিচয় চাইলে সে তা দিতে না পারায় এবং এ বিষয়ে তার অসংলগ্ন কথা বার্তায় মন্দিরের পূজারীর সন্দেহ হয়। পরে তাকে মন্দিরে বসিয়ে রেখে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীকে বিষয়টি অবগত করা হয়। সুচতুর রবিউল বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা কালে এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় পাত্রখোলা মন্দিরের সেবাইত গণেশ পাত্র বাদী কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
থানায় লিখিত দায়ের করা অভিযোগারী মন্দিরের সেবাইত গনেশ পাত্র বলেন, রবিউল প্রতারনার আশ্রয়ে মন্দিরে প্রবেশ করে পরে আরও প্রতারনার চেষ্টা করছিল। তার অসংলগ্ন কথাবার্তার সন্দেহ হলে বিসয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করলে এক ফাঁকে সে পালাবার চেষ্টা করেছিল। তখনই স্থানীয় লোকজন তাকে ধরে কিছুটা মারধর করেছে। পরে থানায় সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন মন্দিরের সেবাইত লিখিত অভিযোগ দিয়েছেন। এখন আটক প্রতারককে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



মন্তব্য করুন