গরু চুরির সময়  কমলগঞ্জে চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

July 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ফাঁড়ি বাগান দেওছড়ায় গরু চুরি করে পালাবার সময় জনতা এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আহত গরু চোর পুলিশি পাহারায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সোমবার ১৬ জুলাই ভোরে এ ঘটনাটি ঘটে।

দেওছড়া চা বাগান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত গভীর রাতে দুই গরু চোর দেওছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক শ্রমিকের বাসায় প্রবেশ করে। চোর চক্র একটি গরু বের করে নিয়ে যাবার সময় চা বাগানের পাহারাদাররা টের পেয়ে ধাওয়া করে জালাল মিয়া (৪০) নামের এক চোরকে ধরে ফেলে গণধেলাই দিয়ে আটকিয়ে রেখে শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করে। আটক গরু চোর কেছুলুটি গ্রামের আব্দুল মন্নানের ছেলে। ধাওয়া খেয়ে সঙ্গীয় গরু চোর জব্বার মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। সে পতনউষার ইউনিয়নের চক কবিরাজি গ্রামের রজব মিয়ার ছেলে।

ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম ও সহকারী উপ-পরিদর্শক আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহতাবস্থায় গরু চোর জালাল মিয়াকে আটক করে  চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আয়াছ মাহমুদ গরু চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,  তার বিরুদ্ধে গরু চুরির একটি মামলা হচ্ছে। সে এখন পুলিশি পাহারায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com