বড়লেখায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী সংস্থা সমুহের প্রতিনিধিবৃন্দের জন্য গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংস্থার অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা ৭৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকায় বৃদ্ধির দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যানবৃন্দ। সহাকারী কমিশনার (ভুমি) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও দক্ষিণভাগ উত্তর ইউপি গ্রাম আদালতের সমন্বয়কারী আমজাদ হোসেন পাপলুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ। গ্রাম আদালত সক্রিয়করণের বিভিন্ন দিক তুলে ধরে এবং সাধারণ মানুষকে এ আদালতের প্রতি ব্যাপকভাবে আগ্রহী করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. মাহাবুব উল আলম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজ উদ্দিন, বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামছুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাসেদুল হাসান, সাংবাদিক আব্দুর রব প্রমূখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রনজিত কুমার সেন।



মন্তব্য করুন