মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের স্রোত

সাইফুল্লাহ হাসান॥ জলপ্রপাত মানে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে প্রাকৃতিক ভাবে বয়ে যাওয়া জলের প্রবল বেগে নিচে পড়াকে বুঝায়। আর সেখানে থাকবে প্রবল স্রোতও। গত কয়েকদিনের তীব্র রোদের কারনে দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুন্ডতে স্রোতের গতিবেগ কম থাকলেও এ ঈদে পর্যটকদের স্রোতে ফুঁসে উঠেছে জলপ্রপাত।
এবারের ঈদুল আযহার ছুটিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জলপ্রপাত এলাকা।
সরেজমিনে দেখা গেছে, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসছেন দূর-দূরান্তের পর্যটক। সাথে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানাবয়সী মানুষ। দেখা যায়, ঘুরতে আসা অনেকেই জলপ্রপাতের পানিতে সাঁতার কাটছেন। ছবি তুলছেন। কেউ আবার হেঁটে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহার দিন থেকে শুরু করে মাধবকুন্ড জলপ্রপাতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের অন্যান্য জেলা এবং বিদেশী পর্যটকরা ভিড় করছেন মাধবকুন্ডে।



মন্তব্য করুন