বড়লেখায় টিলা কাটা বন্ধে ইউএনও’র অভিযান : ১ ব্যক্তির ১ বছরের কারাদন্ড

February 5, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক পাহাড়-টিলা কাটা বন্ধের লক্ষে ইউএনও মো. শামীম আল ইমরান বুধবার দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির নান্দুয়া গ্রামে টিলা কাটার সময় হাতে নাতে টিলা ও ট্রাক্টর মালিক-চালককে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ডিত চালকের নাম জামিল আহমদ (৩৮)। সে নান্দুয়া গ্রামের মইন উদ্দিনের ছেলে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু ব্যক্তিরা নির্বিচারে পাহাড় টিলা কেটে মাটি বিক্রি করছে। অবৈধভাবে টিলা কাটায় ঘটছে নানা প্রাকৃতিক বিপর্যয়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. শামীম আল ইমরান উপজেলার হাকাইতি, কাশেমনগর, ছোটলেখা, বোবারথল, নান্দুয়া, করমপুর, কুমারশাইল এলাকায় টিলা ধংসকারীদের বিরুদ্ধে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে টিলাখেকোরা ট্রাক-ট্রাক্টর নিয়ে সটকে পড়ে। নান্দুয়া গ্রামে একটি প্রাকৃতিক টিলা কাটার সময় হাতে নাতে আটক করা হয় ট্রাক্টর চালক জামিল আহমদকে। তিনি টিলা ও ট্রাক্টরের মালিক। পরে ভ্রাম্যমান আদালত পরিবেশ আইনের বিভিন্ন ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, বিভিন্ন স্থানে টিলা কাটার গোপন সংবাদ পেয়ে অভিযান চালান। একজনকে আটক করে কারাদন্ড দিয়েছেন। অন্যান্য ঘটনাস্থলে পৌঁছার আগেই টিলাখোকোরা পালিয়ে যায়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com