তুচ্ছ ঘটনায় বড়লেখায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

আব্দুর রব॥ বড়লেখায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৭ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অপর ৫জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রোববার রাত ন’টায় উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে।
জানা গেছে, সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের একটি সেলুনে ১৫ দিন পুর্বে চুল কাটাকে কেন্দ্র করে রফিনগর ও ব্রাম্মনের চক গ্রামের দুই যুবকের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে ৮ মার্চ রোববার রাত ন’টার দিকে আজিমগঞ্জ বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ব্রাম্মনের চক গ্রামের এখলাছ আলী (৫৫), সামাদ আহমদ (২২), জাকির হোসেন (২৬), ফজল করিম (৩৬) এবং রফিনগর গ্রামের আল আমিন জাকির (২৬), জাবেদ আহমদ (২৭), জুনেদ আহমদ (২১) গুরুতর আহত হন। রাতেই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত ৫ ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত এখলাছ আলী অভিযোগ করেন রফিনগর গ্রামটি বাজার সংলগ্ন হওয়ায় পূর্ব থেকেই তারা ঔৎ পেতে আমাদের অপেক্ষা করছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রফিনগরবাসী ধারালো অস্ত্র নিয়ে ব্রাম্মনের চক গ্রামের লোকদের ওপর হামলা চালায়।
বড়লেখা থানার এসআই রাকিব মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন