বড়লেখায় ৩২ বস্তা সরকারী চাল জব্দ : ব্যবসায়ী কারাগারে

আব্দুর রব॥ বড়লেখায় একটি জ্বালানী কাঠের দোকান থেকে ৩২ বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারী চাল জব্দ করেছেন ইউএনও মো. শামীম আল ইমরান। এসময় দোকানদার প্রদীপ দাসকে পুলিশ গ্রেফতার করেছে। এঘটনায় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সুত্রধর ব্যবসায়ী প্রদীপ দাসের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শুক্রবার পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জ্বালানী কাঠ ব্যবসায়ী প্রদীপ দাস উপজেলার বর্ণী ইউনিয়নের মেম্বার সুবোধ চন্দ্র দাসের ভাই ও মিহারী গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে। অভিযোগ রয়েছে সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের চালের ডিলার আব্দুছ ছাত্তার গত মাসের বরাদ্দের চালের সিংহভাগ হতদরিদ্রদের না দিয়ে প্রদীপ দাসের নিকট বিক্রি করেছেন। অভিযানকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সংশ্লিষ্ট ট্যাক অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, থানার এসআই শরীফ উদ্দিন, এএসআই কামাল উদ্দিন, এএসআই আবু সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসুচির অতিদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বর্ণী ইউনিয়নের নির্ধারিত ডিলার আব্দুছ ছাত্তার গত ১০ মার্চ উপজেলা খাদ্যগুদাম থেকে প্রায় সাড়ে ৭ মে. টন চাল উত্তোলন করেন। চালগুলো ২৪৯ জন হতদরিদ্রের মধ্যে ১৯ মার্চের মধ্যে জনপ্রতি ৩০ কেজি ১০ টাকা দরে বিক্রির কথা। অভিযোগ রয়েছে সরকারী চালের ডিলারশীপ কাগজে কলমে আব্দুছ ছাত্তারের নামে থাকলেও মুলত তা পরিচালনা করেন বর্ণী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন। তিনি সিংহভাগ কার্ডধারী হতদরিদ্রদের মার্চ মাসের বরাদ্দের চাল না দিয়ে ফকির বাজারের জ্বালানী কাঠ ব্যবসায়ী প্রদীপ দাসের নিকট বেশির ভাগ চাল বিক্রি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. শামীম আল ইমরান বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে জ্বালানী কাঠ ব্যবসায়ী প্রদীপ দাসের দোকান থেকে ৩০ কেজি ওজনের ৩১ বস্তা সরকারী চাল জব্দ করেন। এসময় পুলিশ তাকে আটক করে। আটক ব্যবসায়ী প্রদীপ দাস ও তার ভাই ইউপি মেম্বার সুবোধ চন্দ দাস জানান, ভিজিডি কর্মসুচির উপকারভোগী মহিলারা চালগুলো বিক্রি করেছে। তবে কোন কোন ভিজিডি ভোগী মহিলা চাল বিক্রি করেছে জানতে চাইলে কারা একজনেরও নাম বলতে পারেননি।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, সরকারী চাল কোন দোকানে রাখা ও ক্রয়-বিক্রয় করার নিয়ম নেই। জ্বালানী কাঠের দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ ৩২ বস্তা সরকারী চাল উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সুত্রধর গ্রেফতার প্রদীপ দাসের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সুত্রধরের মামলায় গ্রেফতার দেখিয়ে প্রদীপ দাসকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন