বড়লেখায় ২২‘শ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছালেন উপজেলা চেয়ারম্যান সোয়েব

আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাসে কর্মহীন গৃহবন্দী গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
নিজের ও কয়েকজন ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় সোমবার ৬ এপ্রিল উপজেলার ১০টি ইউনিয়নের ২২০০ পরিবারের ঘরে ঘরে তিনি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার কাউন্সিলার জেহীন সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর স্থানীয় লোকজন তালিকা ধরে গরিব ও নিম্ন আয়ের মানুষের ঘরে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেন। প্রত্যেক পরিবার পেয়েছে আতপ চাল, আলু, মসুর ডাল ও সয়াবিন তেল।
বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ‘করোনাভাইরাসের কারণে নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। এ অবস্থায় কাজ-কর্ম না থাকায় বিপাকে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষগুলো।
সরকার ও স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ মন্ত্রীর উদ্যোগে ইতিপূর্বে ১০ ইউনিয়ন ও পৌর এলাকায় খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে দিচ্ছেন। কিন্তু এরপরও অনেক মানুষ রয়েছেন যাদের খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই আমি ব্যক্তিগত অর্থে উদ্যোগ নেই। বেশ কয়েকজন ব্যবসায়ীও বিত্তবান এগিয়ে আসেন। প্রথম দফায় ২২০০ পরিবারে ১০ লাখ টাকার খাদ্যসামগ্রী পাঠিয়েছি। প্রাথমিক পর্যায়ে আরো প্রায় ১০ হাজার মানুষের খাদ্যসামগ্রী দরকার। সরকারি ত্রাণ তৎপরতা বাড়ানো জরুরী। এছাড়া সমাজের বিত্তবান ও দানশীল মানুষকে এগিয়ে আসার আহবান করছি।’



মন্তব্য করুন