বড়লেখায় বিনা কারণে হাটবাজারে ঘোরাফেরা করায় ১৬ জনের অর্থদণ্ড

আব্দুর রব॥ বড়লেখায় প্রশাসনের বিধি নিষেধ অমান্য করে হাটবাজারে ঘোরাফেরা করায় ও দোকান খুলা রাখায় ১৬ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ পর্যবেক্ষণকালে পৌরসভা, রতুলি, কানুনগোবাজার, আজিমগঞ্জ, ডিমাই ও কেছরিগুল এলাকায় তাদের জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। সন্ধ্যা ৭টার পর উপজেলার এ এলাকাগুলোতে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিদিন প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে অপ্রয়োজনে হাটবাজারে ঘোরাফেরা করছিল। সোমবার সন্ধ্যায় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় কোনো কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করার কারণে ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৬ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডিতরা সকলে নিষেধাজ্ঞা অম্যান্য করে হাটবাজারগুলোতে ও সড়কে ঘোরাফেরা করছিলেন। কয়েকজন সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলেন। এজন্য তাদেরও জরিমানা করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, ‘সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকল্পে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চালানো হয়। এসময় অযথা বাইরে ঘুরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬টি মামলায় ১১,৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।’



মন্তব্য করুন