
আব্দুর রব॥ বড়লেখার ভারত ফেরত যুবকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের জীবাণু মেলেনি। মঙ্গলবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। তবে তাকে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। শুক্রবার ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা গেছে, ওই যুবকের বাড়ি মৌলভীবাজারে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ঘোলসা গ্রামে। তিনি সম্প্রতি ভারতে যান। গত ৩ এপ্রিল ভারত থেকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে প্রত্যাবর্তন। যদিও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এরপরও তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠায়।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যায় জানান, ভারত থেকে ফিরে ওই যুবক সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ ছিল না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি নিশ্চিত হতে তার শরীরের প্রয়োজনীয় নমুনা ঢাকায় পাঠায়। পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।



মন্তব্য করুন