বড়লেখায় বন্ধ হচ্ছে না অকারণে ঘোরাফেরা : ১৮ হাজার টাকা জরিমানা আদায়

আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক তৎপরতা ও জরিমানা আদায় স্বত্ত্বেও অকারণে মানুষের ঘোরাফেরা বন্ধ করা যাচ্ছে না। ফলে স্থানীয় পর্যায়ে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেলে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও জনগণের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। এসময় ভ্রাম্যমাণ আদালত ১৩টি মামলায় প্রায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ মানুষকে সচেতন করতে প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন। তারা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বুঝাচ্ছেন। ঘরে থাকতে অনুরোধ জানাচ্ছেন। কিন্তু মানুষকে কোনোভাবে ঘরে রাখা যাচ্ছে না। বরং তারা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অকারণে বাইরে ঘুরছেন। আড্ডা দিচ্ছেন। খেলাধুলা করছেন।
বৃহস্পতিবার সামাজিক দূরত্ব নিশ্চিতে ও জনগণের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে পৌরশহরের উত্তর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় সরকারি নির্দেশ অমান্য করে অকারণে ঘোরাঘুরি ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৩টি মামলা করা হয়। জরিমানা আদায় করা হয় ১৮ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষকে সচেতন করতে প্রশাসনের প্রচারণা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিভিন্নস্থানে অভিযানও হচ্ছে। আমরা চাই মানুষজন ঘরে থাকুক। নিরাপদে থাকুক। কিন্তু তারা তা বুঝেনা। অকারণে বাইরে ঘোরাফেরা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন