অকারণে ঘোরাঘুরি ও দোকান খোলায় বড়লেখায় ১৮ জনকে জরিমানা

April 12, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৮ ব্যক্তিকে ৪৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ১০ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে পৌরসভা, দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর বাজার, বড়লেখা সদর ইউপির বিছরাবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় থানার ওসি মো. ইয়াছিনুল হক, এসআই প্রভাকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিদিন প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করার জন্য প্রচারণা চালাচ্ছে। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে কোন কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৫টার পরে ওষুধ ছাড়া অন্য দোকানগুলো বন্ধ করার কথা। কিন্তু এ বাজারগুলোতে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখা হয়। সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাকাটা ও অকারণে ঘোরাফেরা করেন অনেকে। শুক্রবার বিকেল উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করায় ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় পৌরসভা, মোহাম্মদনগর, বিছরাবাজারে ১৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৪৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথভাবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। অযথা বাইরে ঘোরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮টি মামলায় ৪৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com