বড়লেখায় সামাজিক দূরত্ব বজায়  রেখে খোলা মাঠে কাঁচাবাজার স্থানান্তর

April 15, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার বিভিন্ন এলাকার কাঁচাবাজারগুলো খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচাবাজারগুলো খোলা মাঠে স্থানান্তর করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার হাজীগঞ্জ বাজারে অবস্থিত পৌরমার্কেটের কাঁচাবাজার এবং উত্তর চৌমুনী এলাকার কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেঁচা চলতো। একই অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার  কাঁচাবাজারগুলোতে  কেনাবেঁচা হতো। এতে ক্রেতা-বিক্রেতারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ছিলেন। এই সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এরপর বাজারগুলো খোলা মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার পৌরমার্কেটে থাকা কাঁচাবাজারটি পিসি সরকারি স্কুল মাঠে এবং উত্তর চৌমুনী এলাকার কাঁচাবাজারটি রেলওয়ে যুবক সংঘ মাঠে স্থানান্তর করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকার কাঁচাবাজারগুবাজারগুলো খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরমার্কেটে থাকা কাঁচাবাজারটি পিসি সরকারি স্কুল মাঠে. উত্তর চৌমুনী এলাকার কাঁচাবাজারটি রেলওয়ে যুবক সংঘ মাঠে এবং দক্ষিণভাগ বাজারটি স্থানীয় হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। রোদ থেকে বাঁচার জন্য দেয়া হয়েছে ত্রিপল। সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে কাঁচাপণ্য কেনাবেঁচা। এসময় কথা হয় বাজারে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা জানান, পৌর মার্কেটের ভেতর থাকা কাঁচাবাজারে গাঁ ঘোঁষাঘেঁষি করে পণ্য কিনতে হতো। এতে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি ছিল। তবে বাজারটি এখান থেকে স্কুল মাঠে সরিয়ে নেওয়ায় ভলো হয়েছে। এখন সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচাপণ্য কিনতে পারছি। এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে ঝুঁকি কমবে।

উপজেলা নির্বাহী কমর্কতা মো. শামীম আল ইমরান বলেন, বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেঁচা চলছিল। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। তাতেও কাজ হচ্ছিল না। পরে বিষয়টি নিয়ে আমরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরে সঙ্গে আলোচনা করে বাজারগুলো খোল মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারগুলো বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com