ভোক্তা অধিদপ্তরের টিসিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি ও জরিমানা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক শ্রীমঙ্গল উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোড, এবং শ্রীমঙ্গলের পেয়াজ, রসুন, আদার পাইকারি আড়ৎসহ বিভিন্ন জায়গায় তদারকি করা হয়।
২৬ এপ্রিল রোববার এই সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানানো হয়।
চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট ব্রিজের পাশে নিছা এন্টারপ্রাইজ এর ট্রাকে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। উক্ত অভিযানে তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা বিক্রির কাজে নিয়োজিত ট্রাক ডিলারের কার্যক্রম তদারকি করা হয়। সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০ টাকা কেজি, ডাল ৫০ টাকা কেজি, ছোলা ৬০ টাকা কেজি, খেজুর ১২০ টাকা কেজি দরে টিসিবির ট্রাক ডিলারগণ বিক্রয় করছেন।
তদারকি অভিযানে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে শ্রীমঙ্গলে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। তদারকি অভিযানে দেখতে পাওয়া যায় ঢাকা শ্যামবাজার বা অন্যান্য স্থান থেকে এই সকল পাইকারি ব্যবসায়ীগণ আদা এনে মূল্য কারসাজি করে অতিরিক্ত দামে আদা বিক্রি করছে। ঢাকার আমদানিকারক এবং শ্রীমঙ্গল পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের লাভ সহকারে আদার পাইকারি দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।



মন্তব্য করুন