বড়লেখায় অকারণে ঘোরাফেরা ও  দোকান খোলায় ১৮ জনকে জরিমানা

April 29, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করে হাটবাজারে ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় ১৮ ব্যক্তিকে মোট ৬ হাজার ১’শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ এপ্রিল মঙ্গলবার পৌরশহর, অফিসবাজার ও শাহবাজপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।

জানা গেছে, পৌরশহরের হাজীগঞ্জ বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, অযথা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে ঘোরাফেরা ও কাগজপত্র সঠিক না পাওয়ায় ১৭ জনের অর্থদণ্ড দেয়া হয়। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় অপর এক ব্যক্তিকে শাহবাজপুর বাজারে অর্থদণ্ড দেয়া হয়। অপরদিকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে অফিসবাজার এলাকায় ফার্নিচারের দোকানের দুজন কর্মচারীকে জরিমানার বদলে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দুজন কর্মচারী ভ্রাম্যমাণ আদালতকে জানান, কোনো সহায়তা না পেয়ে পেটের দায়ে তাঁরা দোকানে কাজ করতে এসেছেন। কাজ করে বাড়িতে নিলে পরিবারের সদস্যদের খাবার জোটবে। এদিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন মঙ্গলবার বিকেলে জানান, ‘হাটবাজারে ঘোরাফেরা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ১৮ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দুজন ফার্নিচারের কর্মচারীকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com