পুলিশের ত্রাণ পেয়ে দোয়া ও বুকভরা ভালোবাসা জানাচ্ছেন অনাহারে থাকা পরিবার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে হতদরিদ্র-কর্মহীন পরিবার যারা এখনো ত্রাণ পাননি, গোয়েন্দা পুলিশের তথ্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছে জেলা পুলিশ। করোনা পরিস্থিতিতে পুলিশ সুপার ফারুক আহমেদ এর নির্দেশে এমন ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার ব্যাপারে সচেতন করছেন পুলিশ সদস্যরা।
করোনা প্রতিরোধে মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষণার পনেরো দিন পেরিয়ে গেছে। মৌলভীবাজারে অন্য জেলা থেকে আসা শ্রমিকরা ঘর থেকে বের হতে না পেরে কষ্টে দিনযাপন করছেন। তবে, তাদের খবর নিয়ে সরকারি-বেসরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তারপরও কিছু মানুষ ত্রাণের তালিকা থেকে বাদ পড়ছেন। পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের তথ্যে তাদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছে জেলা পুলিশ।
মৌলভীবাজার প্রত্যন্ত এলাকায় জেলা পুলিশের উদ্যোগে প্রতি দিন রাতে ৪০ থেকে ৫০টি কর্মহীন-অতি দরিদ্র পরিবারে ত্রাণের প্যাকেট পৌঁছে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার, মডেল থানার ওসি ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। অপ্রত্যাশিতভাবে পুলিশের ত্রাণ পেয়ে মুখে হাসি আর দোয়া ও বুকভরা ভালোবাসা জানাচ্ছেন অর্ধাহারে অনাহারে থাকা পরিবার।
মৌলভীবাজারের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন, “ভয় নয় সবাই মিলে করোনাকে করবো জয়” এ শ্লোগান নিয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ এর নেতৃত্বে করোনা প্রতিরোধে কাজ করছে জেলা পুলিশ। আর বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কাজ যারা এখনো ত্রাণ পাননি গোয়েন্দা পুলিশের তথ্যে তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, জনগনকে মানসিকভাবে সাহস যোগানোসহ সারাদেশের মতো মৌলভীবাজারে ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন জেলা পুলিশের সদস্যরা।



মন্তব্য করুন