বড়লেখায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও সেই ১২ জনের শরীরে নেই করোনা

May 6, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তির সংস্পর্শে আসা এক পল্লী চিকিৎসকসহ ১২ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে তাদের করোনা নেগেটিভ এসেছে। ২৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘কাশেমনগর এলাকায় করোনায় আক্রান্ত একজন শনাক্ত হওয়ার পর আমরা তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ আশপাশের কেউ করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত হতে ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের সবার নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে সবারই ফলাফল নেগেটিভ এসেছে। হয়তো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাই তাদের করোনা হয়নি। আক্রান্ত ব্যক্তি এখনও সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে।

জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামের ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে ২০ এপ্রিল শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এর আগে জ্বর-কাশি নিয়ে তিনি স্থানীয়ভাবে এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।  গত ২৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর রাতেই আক্রান্ত ওই ব্যক্তির গ্রাম লকডাউন করে প্রশাসন। পরদিন ২৬ এপ্রিল আক্রান্ত ব্যক্তির পরিবার, আশপাশের বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয়দের ধারণা ঢাকা-নারায়নগঞ্জসহ আশপাশ এলাকা ফেরত কারো মাধ্যমে তিনি করোনা সংক্রমিত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি সমনভাগ চা বাগান বাজারে চা, ছোলা ও পিঁয়াজু বিক্রি করতেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com