বড়লেখায় নিখোঁজের ১ দিন পর মৎস্য খামার মালিকের জবাই করা লাশ উদ্ধার

May 19, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সোমবার ভোর রাতে সমছ উদ্দিন (৩৪) নামে এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মধ্যগ্রামতলা গ্রামের আমির উদ্দিনের ছেলে। শনিবার রাতে নিজের মৎস্য খামরে গিয়ে তিনি নিখোঁজ হন। সোমবার দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সমছ উদ্দিন গত প্রায় ৮ মাস আগে দক্ষিণ শাহবাজপুর ইউপির পূর্ব মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকায় রহমানীয় চা বাগান সংলগ্ন বেশ কিছু ভুমি ক্রয় করেন। এর কিছু অংশে তিনি দুটি মৎস্য খামার গড়ে তোলেন। দিনের পাশাপাশি তিনি প্রায়ই রাতে খামারে যাওয়া আসা করতেন। শনিবার রাতে খামারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেননি। রোববার ১৭ মে সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। বেশ কয়েকবার রিং হলেও তিনি রিসিভ করেননি। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়। দুপুরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে একটি বাড়ির সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল দেখতে পান। কিন্তু তার কোনো সন্ধান পাননি। স্বজনরা তার খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। এক পর্যায়ে রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকায় খামারের অদূরে একটি পরিত্যক্ত ঘরে তার (সমছ উদ্দিনের) রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সমছ উদ্দিনের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। সোমবার ১৮ মে সকালে এই সংবাদ লেখা পর্যন্ত হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক সোমবার দুপুরে জানান, ‘ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com