বড়লেখায় বিদ্যুতের খুঁটি পড়ে মুক্তিযোদ্ধা কন্যার বসত ঘর বিধ্বস্ত : পাশে দাঁড়ালো প্রশাসন

June 4, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় বুধবার রাতের ঝড়ে ট্রান্সফরমারসহ একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে খড়মপুর গ্রামের মুক্তিযোদ্ধার মেয়ে লায়লা বেগমের বসতঘর একেবারে ভেঙে গেছে। বৃহস্পতিবার দুপুরে ইউএনও মো. শামীম আল ইমরান বিধ্বস্ত বাড়িতে ছুটে গিয়ে খাদ্যসামগ্রী ও ৫ হাজার টাকার চেক প্রদান করেছেন। এছাড়া অসহায় লায়লা বেগমের জন্য তিনি একটি সরকারী ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মুক্তিযোদ্ধা কন্যা লায়লা বেগমের এমনিতেই অভাবের সংসার। করোনাকালে কোনোমতেই চলছিল পরিবারের চাকা। এরই মধ্যে বুধবার রাতের ঝড়ে ট্রান্সফরমারসহ বিদ্যুতের একটি খুঁটি পড়ে লায়লা বেগমের বসতঘর সম্পুর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। ঘর হারিয়ে অসহায় লায়লা পরিবার নিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। এদিকে খবর পেয়ে লায়লা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও মো. শামীম আল ইমরান লায়লা বেগমের বাড়িতে ছুটে যান। এসময় তার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল এবং ৫ হাজার টাকার চেক প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লায়লা বেগমকে একটি ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, ঝড়ে বৈদ্যুতিক একটি খুঁটি পড়ে লায়লা বেগমের ঘর ভেঙে গেছে। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লায়লার পরিবারকে খাদ্য সহায়তা ও ৫ হাজার টাকার চেক প্রদান করেন। লায়লা বেগম একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে একটি ঘর নির্মাণ করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com