একগুচ্ছ ছড়া : মাহমুদুল হাসান উজ্জ্বল 

June 6, 2020,

মাহমুদুল হাসান উজ্জ্বল 
সমাজের কীট
পেন্ট, শার্ট কোর্ট গায়ে উলঙ্গ তার নীতি
মুখে ছুঁড়ে সাধু কথা অন্তরে দূর্নীতি।
সমাজেতে নামীদামী বড় বড় খেতাব
অন্ধকারে রূপ পাল্টায় আলোয় ধরে ভাব।
সত্য কে যে মিথ্যে বানান কোরমা পোলাও খেয়ে
ন্যায় মশাই থমকে তখন অবাক চেয়ে চেয়ে।
নরপশু পিশাচ তুমি এই সমাজের কীট
ঈমান খানি বিক্রি করো অন্যায়েতে করে মিট।

সমাচার
সত্যটা যে পড়লো চাপা অন্যায়েরই ভারে
কালো চোখে চশমা রঙিন দোষ দেবো আর কারে?
সুশীলরা সুশীল বটে দেখেন রাঘব বোয়াল
তালে তারা তাল মিলিয়ে দূর্বলেরই উঠান ছাল।
কলম আছে কাগজ আছে নেই যে সুস্থ বিবেক
টাকার কাছে হার মানে রে অশ্রুজলের আবেগ।
সিংহাসনে বসে কর্তা করেন ঠিকই বিচার
নালিশ কারী উল্টো ফাঁসে আজকালের সমাচার।

পশু বলি কাকে?
পশু বলি কাকে?
মানুষ জাতি হিংস্র হলে কামড়ায় যাকে তাকে।
পশু বলি কাকে?
রাতবিরেতে অন্ধকারে অসহায়া ডাকে।
পশু বলি কাকে?
আঁচড় দেবে বলে যদি লোলুপ নজরে দেখে।
পশু বলি কাকে?
ঘৃণ্য মনকে আড়াল করে সাদা চামড়ায় ঢাকে।
পশু বলি কাকে?
নেশার ঘোরে মাতাল হয়ে ধর্ষণ করে মাকে।
পশু বলি কাকে?
শপথ করে ধর্মগ্রন্থে লুটতে ইচ্ছা ফাঁকে।
পশু বলি কাকে?
মানুষ রূপের ফানুশ যদি বিষ দেয় মধু চাকে।
পশু বলি কাকে
সুযোগ খুঁজে থাবা দেবে স্বজাতিরই বুকে।
পশু বলি কাকে
আপন ভাইয়ের রক্ত চুষে রক্তে কাব্য লিখে।
পশু বলি কাকে?
মানুষ রূপীর ভয়ে পশুরাও দূরে যদি থাকে।

উপদেশ
তোমার কণ্ঠের ধ্বনি যদি হয় রে সাম্যবাদের
ভাঙবে একদিন বাঁধার শিকল নিন্দা অপবাদের।
তোমার চলার রাস্তা যদি হয় রে সরল সোজা
বিরোধ গোত্রের লোকে তোমার করবে দেখো পূজা।
তোমার যতো কর্ম আছে হয় যদি তা শ্রেয়
আজ নাহয় কালকে তুমি হবে সবার প্রিয়।

ভিটে দেবো না
পেটের ক্ষুধায় খাবার চাস খাবার দেবো
ভিটে দেবো না।
অন্ধ তুই দেখতে চাস চক্ষু দেবো
ভিটে দেবো না।
কাজ করবে হাত নাই হাত দেবো
ভিটে দেবো না।
চলবে ফিরতে পা চাস পা দেবো
ভিটে দেবো না।
ঘরবাড়ি নেই থাকতে চাস থাকতে দেবো
ভিটে দেবো না।
অসহায় তুই সেবা চাস সেবা দেবো
ভিটে দেবো না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com