বড়লেখায় করোনা আক্রান্তের বাড়ি লকডাউনে গিয়ে জানা গেল রোগী নেই, অতঃপর..

June 17, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনা আক্রান্ত ব্যক্তির (২৮) বাড়ি লকডাউন করতে গিয়ে জানা গেল তিনি সিলেটে! মঙ্গলবার ১৬ জুন বিকেলে লকডাউনে গিয়ে এ রোগীর সিলেটে অবস্থান করার তথ্য পায় পুলিশ। পরে তাকে সিলেট থেকে এনে বাড়ি লকডাউন করা হয়। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামে, পেশায় মসজিদের ইমাম।
জানা গেছে, করোনা শনাক্ত হওয়া ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় একটি মসজিদে চাকরি করেন। তিনি ঈদে বাড়ি আসেন। উপসর্গ থাকায় ৭ জুন তিনি বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। ১৫ জুন পর্যন্ত ফলাফল না আসায় পরদিন মঙ্গলবার সকালে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুরে আসা ফলাফলে তার করোনা পজিটিভ পেয়ে উপজেলা প্রশাসন রোগীর বাড়ি লকডাউন করতে যায়। কিন্তু ততক্ষণে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরে পৌঁছে যান। এরপর যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হয়। যাওয়া আসার পথে তিনি গণপরিবহন ব্যবহার করেন। বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে। এসময় থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ, স্থানীয় ইউপি মেম্বার আজিজুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী শংকর দাস উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার আজিজুল ইসলাম জানান, আক্রান্ত যুবক ছাতকে চাকরি করতেন। ঈদে বাড়ি আসেন। তার করোনা উপসর্গ ছিল। বাড়িতে আলাদা ছিলেন। তাই নমুনা পরীক্ষায় দেন। ৮ দিন পার হলেও রিপোর্ট না আসায় তিনি সুস্থ মনে করে কর্মস্থলে চলে যান। রিপোর্ট আসার পর যোগাযোগ করলে জানা যায় তিনি সিলেটে। পরে বাড়িতে এনে প্রশাসন বাড়ি লকডাউন করেছে। তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।
থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসার পর স্বাস্থ্য বিভাগ থেকে থানায় জানানো হয়। নিয়ম অনুযায়ী এক ব্যক্তির বাড়ি লকডাউন শেষে দ্বিতীয় ব্যক্তির বাড়িতে যাওয়ার আগে তথ্য আসে তিনি সিলেটে। পরে যোগাযোগ করে বাড়িতে এনে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com