কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের আর্থিক প্রণোদনা দেয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

June 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মৌলভীবাজারে চরম সংকটে দিনাতিপাত করছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারিরা। বিশেষ করে এসব স্কুলগুলোের উদ্যোক্তা ও প্রধান শিক্ষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। একদিকে ভাড়িওয়ালারা স্কুল ভাড়া পরিশোধের চাপ দিচ্ছেন, অপরদিকে শিক্ষক-কর্মচারিদের সম্মানী পরিশোধসহ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল পরিশোধের চাপ। অন্যদিকে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা তাদের পক্ষে অসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
ভাড়া বাসায় পরিচালিত এসব কিন্ডারগার্টেন স্কুলোতে ন্যুনতম বেতনে শিক্ষকরা এসব প্রতিষ্ঠানে চাকুরি করছেন। শিক্ষা ক্ষেত্রে অপরিসীম অবদান রাখা এবং ৬ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী কিন্ডারগার্টেন স্কুলগুলো আজ মহা সংকটে।
শুধু মৌলভীবাজার জেলায় রয়েছে ৪১৪ টি কিন্ডারগার্টেন স্কুল। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ৫,১৯০ জন মানুষ। জেলায় কর্মরত শিক্ষক কর্মচারিদের আর্থিক বিশেষ সহায়তা প্রদানের দাবিতে ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর মৌলভীবাজার জেলা শাখা।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত একজন কর্মকর্তা।
২৫ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে এর হাতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা কমিটির তালিকাসহ কিন্ডারগার্টেন স্কুল এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারির সংখ্যা সম্বলিত তালিকা তুলে দেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।
এসময় মৌলভীবাজার জেলার এডিসি (শিক্ষা) মল্লিকা দে বলেন, খুব দ্রুতই কিন্ডারগার্টেন স্কুলগুলোর তালিকা সংশ্লিষ্ট দপ্তরে তিনি পৌছানোর ব্যবস্থা করবেন।
প্রসঙ্গত, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩ জুন ৫৬টি জেলায় একযোগে জেলা প্রশাসক বরাবর শিক্ষকদের আর্থিক সহায়তার জন্য একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মৌলভীবাজার জেলা শাখাও এই কর্মসূচি পালন করে। আজ দ্বিতীয় বারের মতো মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান সরকার ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রেরণ করেছেন। ২ বার মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করে শিক্ষকদের আর্থিক সহযোগিতার অনুরোধ করেছেন।
কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অর্থকষ্ট লাঘবে গত এপ্রিল মাস থেকে স্মারকলিপি, সংবাদ সম্মেলন, লাইভ টকশো, ভার্চুয়ালে অভিনব কর্মসূচিসহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com