বড়লেখায় ছোটভাইয়ের দা’র কুপে বড়ভাই খুন : ৪ ঘন্টার মধ্যে খুনি গ্রেফতার

February 9, 2021,

 আব্দুর রব বড়লেখায় স্ত্রী আম্বিয়া বেগমকে বাঁচাতে গিয়ে ছোটভাইয়ের দায়ের কুপে খুন হয়েছেন বড়ভাই খলিল উদ্দিন (৫৫)।

সোমবার রাত দু’টায় উপজেলার দক্ষিণ শাহাবজপুর ইউনিয়নের পূর্ব ঘোলসা গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটেছে। খলিল উদ্দিন গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। এ হত্যার ৪ ঘন্টার মধ্যে ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পুলিশ হত্যাকারী আব্দুল খালিক (৫৩)কে গ্রেফতার ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে বিকেলে পুলিশ গ্রেফতার আসামী আব্দুল খালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, আব্দুল খালিক সোমবার রাতে পারিবারিক কলহের জের দেখিয়ে বড়ভাই খলিল উদ্দিনের বসতঘরে থাকতে যায়। রাত দু’টার সময় সে আকস্মিক খলিল উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগমকে দা দিয়ে কুপাতে থাকে। এসময় স্বামী খলিল উদ্দিন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে সে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার এবং হত্যাকান্ডের ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্বামী হত্যার ঘটনায় আহত স্ত্রী আম্বিয়া বেগম দেবরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং গ্রেফতার আসামী আব্দুল খালিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com