বড়লেখায় পাওনা টাকা ফেরৎ চাওয়ায় অসুস্থ প্রবাসীকে ছুরিকাঘাত

আব্দুর রব॥ বড়লেখায় পাওনা টাকা ফেরৎ চাওয়া ও জোরপূর্বক জমির মাটি কাটায় বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন সঙ্গবদ্ধভাবে ইসলাম উদ্দিন নামক এক অসুস্থ প্রবাস ফেরৎ ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজগ্রাম গ্রামে। এব্যাপারে আহত প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার পপি বৃহস্পতিবার প্রতিপক্ষের ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মাইজগ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে কুয়েত প্রবাসী ইসলাম উদ্দিন দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। প্রায় ৪ বছর পূর্বে সম্পর্কীয় ভাতিজা জামিল হোসেন, ছমির হোসেন, জমির হোসেন, আলী হোসেন প্রমুখ ওয়ার্কশপ দেয়ার জন্য ইসলাম উদ্দিনের নিকট ২ লাখ টাকা ধার নেন। ২ বছর ধরে পাওনা টাকা ফেরৎ চাইলে তারা নানা টাল বাহানা করতে থাকে। টাকার তাগদা করায় খারাপ অচরণ শুরু করে। টাকা ফেরৎ না দিয়ে উল্টো প্রবাসীর কিছু জমি দখল করে নেয়। প্রবাসীর জায়গার মাটি কেটে নেয়। বাধা দিলে হামলার অপচেষ্টা চালায়। সোমবার সকালে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কুয়েত প্রবাসী ইসলাম উদ্দিনকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার পপি জানান, পাওনা টাকা চাওয়ার পর থেকেই তারা আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে। জায়গা দখল ও জমির মাটি কাটতে থাকে। বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে আমার অসুস্থ স্বামীকে হত্যার চেষ্টা চালায়। থানায় মামলা করায় আসামীরা হুমকি-ধমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।



মন্তব্য করুন