কমলগঞ্জে মাওলানা শেখ নূরে আলম হামিদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ শ্রীমঙ্গল) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
১৩ জানুয়ারী মঙ্গলবার স্থানীয় মিলনায়তনে উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিনসহ উপজেলা শাখার নির্বাহী দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মাওলানা শেখ নূরে আলম হামিদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, মৌলভীবাজার-৪ আসনে ন্যায়ভিত্তিক ও আদর্শিক রাজনীতির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে নির্বাচনী কার্যক্রম সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা, গণসংযোগ জোরদার এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে কয়েকটি বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



মন্তব্য করুন