শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মৌলভীবাজার সরকারি কলেজে ২০ কোটি টাকার অনুদান চেয়ে ডিও লেটার দিলেন নাসের রহমান

April 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়নে ২০ কোটি টাকার বিশেষ অনুদান চেয়ে শিক্ষা মন্ত্রীর কাছে ডেমি-অফিসিয়াল (ডিও) লেটার প্রদান করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

বুধবার ২২ এপ্রিল সচিবালয়ে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি সরাসরি এই ডিও লেটার হস্তান্তর করেন। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য।

ডিও লেটারে তিনি মৌলভীবাজার সরকারি কলেজের সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—দুইটি নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণ, ছাত্রদের জন্য আধুনিক ছাত্রাবাস স্থাপন, ছাত্রীদের বিদ্যমান হোস্টেলের সংস্কার এবং শহীদ জিয়া অডিটোরিয়ামের আমূল সংস্কার।

সংসদ সদস্য তাঁর পোস্টে উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী অর্থবছরের শুরুতেই এ বিশেষ বরাদ্দ অনুমোদিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির তুলনায় অবকাঠামোগত সক্ষমতা বাড়েনি। ফলে নতুন একাডেমিক ভবন ও আবাসন সুবিধার প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠেছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কলেজটির শিক্ষা কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও মানসম্মত পরিবেশ নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com