বিসিবি’র কাউন্সিলর মনোনীত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মনোয়ার

May 18, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মনোয়ার আহমেদ রহমান। সম্প্রতি বিসিবি’র পক্ষ থেকে তাকে এই মনোনয়ন প্রদান করা হয়।

ক্রীড়াঙ্গনে দক্ষ নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মনোয়ার আহমেদ রহমান দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিসিবি’র কাউন্সিলর মনোনীত হওয়ায় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে মনোয়ার আহমেদ রহমান বিসিবি’র কাউন্সিলর মনোনীত হওয়ায় মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় ক্রীড়ামোদী মহল, পৌর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার এই মনোনয়নের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন আরও একধাপ এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com