বড়লেখায় অর্ধশত বছরের চলাচল রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা : অবরুদ্ধ ৫ পরিবার

আব্দুর রব : বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের উজিরপুর গ্রামের দীর্ঘ অর্ধশত বছরের পুরাতন একটি রাস্তা প্রভাবশালীরা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। একমাত্র চলাচলের রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় ৫টি পরিবারের নারী-পুরুষ, শিশু ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে চরম ভোগান্তি পোয়াচ্ছেন। দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
চলাচলের রাস্তা বন্ধের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে জালাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উজিরপুর গ্রামের জালাল উদ্দিন, মিনা বেগম, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ ও শামীম আহমদের পরিবারসহ স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে একটি রাস্তা ব্যবহার করে আসছেন। ইতিপূর্বে ওই রাস্তাটি নিয়ে বিরোধ সৃষ্টি হলে মৃত এলাছ উদ্দিনের স্ত্রী মিনা বেগম একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বড়লেখা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হকের উদ্যোগে সালিশ বৈঠকে বিষয়টির আপোষ মীমাংসা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে সর্বসম্মতিক্রমে রাস্তাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়। এসময় উভয়পক্ষের মধ্যে একটি স্মরণলিপিও (সালিশনামা) সম্পাদিত হয়। এরপর থেকে নির্বিবাদে ভুক্তভোগিরাসহ এলাকাবাসি রাস্তাটি ব্যবহার করছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ১৬ মে সকালে হঠাৎ প্রতিপক্ষের প্রভাবশালী সিদ্দিক আহমদ (৪০), রোকেয়া বেগম (৪০), কাসিম (১৮) ও হুসাইন আহমদ (২৫) সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ওই রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। বাঁধা দিলে বিবাদী পক্ষ ভুক্তভোগীদের অকথ্য গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি প্রদান করে। জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ায় অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনেও কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত।
ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভুক্তভোগিদের লিখিত অভিযোগটি সহকারি কমিশনার (ভূমি)’র কাছে পাঠিয়ে দিয়েছেন।



মন্তব্য করুন