দলীয় কর্মকান্ড গতিশীলের নির্দেশ, বড়লেখায় নাসির উদ্দিন এমপির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

July 19, 2026,

আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শনিবার বিকেলে বড়লেখা উপজেলা, পৌর, প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি দলের নেতাদের দলীয় কর্মকান্ড আরো গতিশীল করার নির্দেশ দেন।

দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমপি মিঠু বলেন, বড়লেখা ও জুড়ীর সার্বিক উন্নয়নে সরকারের দৃষ্ঠি আকর্ষণ ও বরাদ্দ প্রাপ্তির লক্ষ্যে জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনে তিনি কোনো না কোনো বিল উত্থাপন করছেন। তার উত্থাপিত অনেক প্রস্তাব আমলে নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, খুব শিগগীর সোনাই নদীর উপর ভাটাউছি-তাজপুর সেতুর কাজ দৃশ্যমান হবে। উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর থেকে বর্ণির শেষ সীমা পর্যন্ত সোনাই নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড থেকে শতকোটি টাকার প্রকল্প প্রস্তাব করে তা অনুমোদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আরো অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে। তিনি সরকারের উন্নয়ন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি-না সে ব্যাপারেও নেতাকর্মীদের দৃষ্ঠি রাখার আহ্বান জানান।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বড়লেখা উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহ সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক আহবায়ক জয়নাল আবেদিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালিকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমুহের নেতারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com