বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার

June 4, 2026,

আব্দুর রব : বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মহিলাসহ তিন ব্যক্তি। এঘটনায় থানায় মামলা হলে বুধবার রাতে পুলিশ এক আসামিকে গ্রেফতার করে। আসামি গ্রেফতারে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বাদিপক্ষের জখমিদের বাড়ি-ঘরে ফের হামলা চালিয়েছে। খবর পেয়ে রাতেই আক্রান্তদের উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর গ্রামে কামরুল ইসলামের বাড়িতে।
জানা গেছে, নলকুপ নিয়ে বিরোধের জেরে ২১ মে রাতে গোপালপুর গ্রামের নাছিম উদ্দিন, ময়নুল ইসলাম কাজল, বাবলু হোসেন, সাবলু হোসেন প্রমুখ প্রতিপক্ষের ওপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সাকি বেগম, জেরিন বেগম ও রায়হান হোসেন। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ হামলার ঘটনায় আহত সাকি বেগমের স্বামী তালিমপুর গ্রামের মৃত সফিক উদ্দিনের ছেলে আব্দুল লতিফ হামলাকারি চারজনকে আসামি করে থানায় মামলা করেন। বুধবার রাতে ওই মামলার তিন নম্বর আসামি বাবলু হোসেনকে পুলিশ গ্রেফতার করে। এরপরই আসামি পক্ষের লোকজন জখমিদের বাড়িঘরে হামলা চালায়। এক পর্যায়ে বাদিপক্ষের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে রাতেই থানা পুলিশ আক্রান্তদের উদ্ধার করেছে। এঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন আহত সাকি বেগম।
হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, আব্দুল লতিফের মামলার তিন নম্বর আসামি বাবলু হোসেনকে বুধবার রাতে গ্রেফতার করেন। থানায় নিয়ে আসার পর খবর পান আসামিপক্ষের লোকজন বাদিপক্ষের বসতঘরে হামলা চালাচ্ছে, ঘরে অবরুদ্ধ করে রেখেছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com