লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন

July 5, 2026,

লন্ডন প্রতিনিধি : সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ (যুক্তরাজ্য) এর উদ্যোগে ২৮ জুন লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। দিনব্যাপী এ আয়োজনে সাহিত্যপ্রেমী, কবি, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বইমেলার অন্যতম আকর্ষণ ছিল পাণ্ডুলিপি থেকে মঞ্চে কবি সৈয়দ কাহেরের নতুন কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’-এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে সভাপতি মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় কবি সৈয়দ কাহেরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ছালাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান, কবি নুরজাহান শিল্পীসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কবি সৈয়দ কাহের বলেন, তাঁর কাব্যগ্রন্থটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রকাশ করা হয়েছে। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের বাঙালি তরুণ-তরুণীদের কাছে বাংলা সাহিত্যকে পৌঁছে দেওয়া। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে জানুক, বাংলা বই পড়ুক এই প্রত্যাশা থেকেই বইটি দুই ভাষায় প্রকাশ করেছি।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com