কমলগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও ছাত্রীর পথরোধ করে লাঞ্চিত ॥ ছোট ভাইকে মারধর করে বাই সাইকেল ভেঙ্গে দিল বখাটের বড় ভাই

কমলগঞ্জ প্রতিনিধি॥ বিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের জালালিয়া এলাকায় এক বখাটে তরুন খালিক মিয়া নবম শ্রেণির ছাত্রীর (১৪) পথরোধ করে লাঞ্চিত করেছিল রোববার ৯ জুলাই সকালে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। ঘটনার দুই দিন পর এবার মঙ্গলবার ১১ জুলাই বিকালে লাঞ্চিত ছাত্রী বাড়ি ফেরার পথে বখাটে তরুনের বড় ভাই ছাত্রীর পথরোধ করে টানা হেছড়াসহ তাকে চড় থাপ্পড় মেরে লাঞ্চিত করে আবার ছোট ভাইকে মারধর করে তার ব্যবহৃত বাই সাইকেল ভেঙ্গে হুমকি প্রদান করেছে।
কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ূন কবির জানান, ৯ জুলাই রোববারের ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে পরদিন ১০ জুলাই উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর একদিন পর মঙ্গলবার ১১ জুলাই বিকালে মথুরাপুর গ্রামের আকবর মিয়ার ছেলে বখাটে তরুন খালিক মিয়ার বড় ভাই আশ্রব মিয়া (৪৭) বিদ্যালয় থেকে লাঞ্চিত ছাত্রীর বাড়ি ফেরার সময় পথরোধ করে তাকে টানা হেছড়াসহ চড় থাপ্পড় মেরে লাঞ্চিত করে। এমনকি ছাত্রীর সাথে থাকা এক ছোট ভাইকে মারধর করে তার ব্যবহৃত বাইসাইকেলটিও ভেঙ্গে দেয় বখাটে তরুনের বড় ভাই। যাবার সময় সে আবার হুমকি প্রদান করে বলে, বিষয়টি নিয়ে আর কিছু করতে চাইলে আবার এসে মারপিট করবে।
লাঞ্চিত ছাত্রীর বাবা আক্কল মিয়া মঙ্গলবার রাতেই এ ঘটনায় কমলগঞ্জ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ছাত্রীর বাবা আক্কল মিয়া এ প্রতিনিধিকে বলেন, দুই দিনের ব্যবধানে বখাটে তরুন ও তার বড় ভাই মেয়ের পথরোধ করে এ অবস্থার সৃষ্টি করলো। উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও কোন বিচার পাচ্ছেন না। এভাবে হলে মেয়ের লেখাপড়া বন্ধ করে বাড়িতে রেখে দিতে হবে।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক (বাদশাহ) প্রথম ও দ্বিতীয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে তরুনের বড় ভাই আশ্রব মিয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার ওসিকে অবহিতও করেছেন। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম অভিযোগ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছেন বখাটেদের বাবাকে তাঁর (নির্বাহী কর্মকর্তার) কার্যালয়ে হাজির করতে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের আক্কল মিয়ার মেয়ে (লিমা আক্তার) (১৪) বিদ্যালয়ে যাওয়া আসার সময় প্রায়ই বখাটে খালিক মিয়া নানাভাবে উত্যক্ত করে। বখাটে খালিক মিয়া পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আকবর মিয়ার ছেলে। রোববার (৯ জুলাই) সকালের পর্বে ইংরেজী ১ম পত্র পরীক্ষা দিতে নবম শ্রেণির ছাত্রীটি কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। শমশেরনগর-কমলগঞ্জ সড়কের জালালিয়া এলাকায় পৌছলে সকাল ১০টায় বখাটে খালিক মিয়া(২৩) ছাত্রীটির পথরোধ করে টানা হেছড়া করে তাকে লাঞ্চিত করেছিল।



মন্তব্য করুন