কমলগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জের ধরে দোকান ও বাড়িতে হামলা

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে দোকান ও বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। খোজ নিয়ে জানা যায়, শুক্রবার ৮ সেপ্টেম্বর উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও জামে মসজিদের কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে মসজিদের ভিতরেই কথা কাটাকাটি ও তুমুল বাক বিতন্ডা হয়। মসজিদ কমিটির সাবেক সভাপতি আবদাল হোসেন জানান, ১১ জনের কমিটি ঘোষনার প্রাক্ষালেই কয়েকজন মুসল্লী বাক বিতন্ডা শুরু করেন। পরে নামাজ শেষ হওয়ার পরপর মসজিদের সম্মুখে প্রবীন মুসল্লী ও আহবায়ক কমিটির সদস্য মজম আলীর সাথে একই গ্রামের সাফির মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার দোকান ও বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মজম আলীর জামাতা আজাদ মিয়া জানান, স্থানীয় আরমান মিয়া (৩৫), নেকবর মিয়া (৪০), সানোয়ার মিয়া(৩০) সাফির মিয়া(৩২) ও মাসুক মিয়া(৪০) সহ ১০/১২জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাকে মারধরের চেষ্টা করে এবং তাদের দোকান ও বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ ব্যাপারে অভিযুক্তদের মধ্যে আরমান মিয়ার সাথে কথা হলে তিনি জানান, কমিটি সংক্রান্ত বিষয় মসজিদের ভিতরেই নিষ্পত্তি হয়েছে। বরং নামাজ পড়ে সাফির মিয়া মসজিদ থেকে বের হলে মজম আলী ও আজাদ মিয়া তাকে আটকাতে চেষ্টা করেন।



মন্তব্য করুন