সাংবাদিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ

স্টাফ রিপোর্টার॥ অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকার ও মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে, দৈনিক সময়ের আলোর মফস্বল সম্পাদক ও শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দেবনাথ, সিলেট টুডেটুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আব্দ্লু আলিম শাহ ও শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাস শুভ বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। “হকার থেকে কোটিপতি বানালেন রাজকীয় বাড়ি” শিরোনামে সংবাদের জেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার মাসুদ আহম্মেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আ স শামস জগলুল হোসেন পিটিশন মামলাটি খারিজ করেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন রোববার ১৬ জুন সাতজনের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মাসুদ আহম্মেদ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪, ২৫, ২৯ ও ৩১ ধারায় একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহন করে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
১০ জুন জাগো নিউজসহ অন্যান্য পত্রিকা ও অনলাইন ‘পত্রিকার হকার থেকে কোটিপতি, বানালেন রাজকীয় বাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় এরই প্রেক্ষিতে মামলাটি করা হয়েছিল।



মন্তব্য করুন