জুড়ীর শাহাপুর গ্রামে কাঁচা সড়কে দুর্ভোগ গাড়ি নয় পায়ে হাঁটাও চরম কষ্টকর

June 10, 2021,

ইমাদ উদ দীন॥ শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় গাড়ি নয় পায়ে হাঁটাও চরম কষ্টকর। গ্রামীণ ওই কাঁচা সড়কের বেহাল দশায় দূর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। ওই সড়কের উপকারভোগীদের অভিযোগ দীর্ঘদিন থেকে তারা যাতায়াতে চরম দূর্ভোগ পোহালেও সড়কটি মেরামতে টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিশেষ করে রোগি, বয়ষ্ক লোকজন, গর্ভবতী মহিলা ও শিক্ষার্থীরা প্রতিনিয়তই সড়কটি ব্যবহারে অন্তহীন দূর্ভোগ পোহাচ্ছেন।
জানা যায় জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের ভুয়াই থেকে তেঘরিঘাট ও শাহাগঞ্জ বাজারের সাথে সংযুক্ত চারটি কাঁচা সড়কেরই এখন চরম বেহাল দশা। প্রায় সাত কিলোমিটার এই কাঁচা সড়গুলো মেরামত কিংবা পাকা না করায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। সামান্য বৃষ্টির হলেই কাঁদা পানিতে চলাচলকারীরা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে গাড়ি নয় মানুষ পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হন। ওই সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১০-১২ সহস্রাধিক মানুষের প্রতিনিয়তই চলাচল। স্থানীয় বাসিন্দারা জানান পশ্চিম শাহাপুর,পূর্ব শাহাপুর গ্রামের চলাচলের একমাত্র এই চারটি রাস্তাই কাঁচা। এছাড়া জুড়ী ও কুলাউড়া শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যমই এই চারটি রাস্তা। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। রাস্তার দূর্ভোগ থেকে মুক্তি পেতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট নানা স্থানে ধরনা দিয়েও কাজ হচ্ছেনা। সড়কের এমন দূর্ভোগ থেকে রেহাই পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com