বড়লেখায় মাদক মামলায় দুই আসামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

January 4, 2022,

আব্দুর রব বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে দুই আসামীকে ৩ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।

৪ জানুয়ারী মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দন্ডিতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে জাকির হোসেন ও একই উপজেলার সুপাতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মিনহাজুর রহমান অপু।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন শাহবাজপুর বাজারের দক্ষিণ দিকে পাল্লাথল চা বাগান রোডের মোড়ে আসামীদের বহনকারী প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এঘটনায় মিনহাজুর রহমান অপু, মো. সারোয়ার হোসেন রাজু ও জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ আদালতে সোপর্দ করে।

আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে দুই আসামীর ৩ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com