বাইক্কা বিলে স্থায়ী মৎস্য অভয়াশ্রমের নিরাপত্তা বেষ্টনীর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল কে মৎস্যবান্ধব করে রাখতে প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
৯ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় উপজেলার কালাপুর ইউনিয়নের বাইক্কাবিলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারাজুল কবিরসহ স্থানীয় বাসিন্দারা।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, বাইক্কাবিল হাইল হাওরের মা মাছের অভয়াশ্রম। এলাকার স্বার্থেই এটি রক্ষা করা জরুরী। বিভিন্ন সময় অভিযোগ আসে বাইক্কাবিলে প্রবেশ করে একশ্রেণীর অসাধু মাছ শিকারী মাছ শিকার করে। তাই বাইক্কাবিলে যাতে বাহিরে থেকে নৌকা নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তাই এর চারপাশে নলখাগড়া ও কলমী বন সৃজিত করা হচ্ছে। এই বন সৃষ্টি হলে বাইক্কা বিল নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বাইক্কা বিলের আশে পাশে ইতিমধ্যে বেশ কিছু বাড়িঘর তৈরী হয়েছে। এদের প্রত্যেক্যের জন্য একই ইউনিয়নের মাজদিহি পাহাড়ে জমিসহ ঘর তৈরী করে দেয়া হয়েছে। তাদের উচ্ছেদের পর পুরো বাইক্কা বিল এলাকা উন্মুক্ত রাখা হবে। তিনি বলেন, যারা সরকারের এ আইন মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



মন্তব্য করুন