শ্রীমঙ্গলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

October 8, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল ১১টায় ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আলোচনায় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উৎসব চলাকালে গুজব, অপপ্রচার ও যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মো: ইয়াকুব আলী, সদস্য মকসুদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দির জারু, পৌর বিএনপির আহবায়ক মো: শামীম আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক সুজিত রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com