পরিবেশ বাসযোগ্য রাখতে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

August 15, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ বাসযোগ্য রাখতে আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থীরা বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মন্ত্রী বলেন, আমরা সকলে মিলে গাছ লাগালে দেশ আবারও সুজলা, সুফলা, শস্য শ্যামলা হয়ে উঠবে।

সোমবার ১৪ আগস্ট বড়লেখা উপজেলার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মানের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে, এজন্য নারীদের শিক্ষিত করতে বিভিন্ন  ব্যবস্থা গ্রহণ করছে।

আমরা নারীদের শতভাগ শিক্ষিত করতে পারলে একটি শিক্ষিত জাতি পাবো। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নাই।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো শামসুল আরেফিন খান, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ।

মন্ত্রী পরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com