মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার : বিশ ডিসেম্বর মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। মৌলভীবাজার বাসীর স্বজন হাঁরানোর একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখনই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক হানাদারদের ফেলে যাওয়া মাইন বিস্ফেরাণে নিহত হন ২৪জন ঘরে ফেরার অপেক্ষায় থাকা বীর মুক্তিযোদ্ধা।
দেশ স্বাধীন হওয়ার চারদিন পর মৌলভীবাজারে ১৯৭১ সালের ২০ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে সেই ২৪ জন মুক্তিযোদ্ধা স্মরণে স্থানীয় শহীদ দিবস পালন করা হয়।
শুক্রবার ২০ ডিসেম্বর দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
২০ ডিসেম্বর ১৯৭১ সালে মৌলভীবাজারের মাইন বিস্ফোরণে যাদের নাম পাওয়া গেছে স্মৃতিস্তম্ভটিতে তাদের নাম লিখা আছে। তারা হলেন- সুলেমান মিয়া, রহিম বক্স খোকা, ইয়ানূর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহিম আলী, আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুণ দত্ত, দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দলাল বাউরী, সমীর চন্দ্র সোম, কাজল পাল, হিমাংশু কর, জিতেশ চন্দ্র দেব, আব্দুল আলী, নূরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরণী দেব ও নরেশ চন্দ্র ধর।



মন্তব্য করুন