মাদকাসক্তিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মাদকাসক্তিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষক/মেন্টর তৈরিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর বুধবার সকালে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৮জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাদকের অপব্যবহার ও ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্তকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তোহিদুজ্জামান পাভেল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ ফজলুর রহমান এবং সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো: রাশেদুজ্জামান।
প্রশিক্ষণে বক্তারা মাদকবিরোধী আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগে মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে
হবে।
বক্তারা আরও বলেন, মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ুন। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



মন্তব্য করুন