কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১৩ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশ আমাদের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের ভূমিকা অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশের দক্ষতা, দায়িত্ববোধ ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির যুগ্ম পরিচালক (উপসচিব) মো: জাহিদ আখতার।
তিনি বলেন, স্থানীয় সরকারকে যুগোপযোগী করতে সারাদেশে ৪৬ হাজার গ্রাম পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে ২০টি উপজেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক।
এছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ সদস্য সেলিম আহমদ। জানা গেছে, মাসব্যাপী চলা এ প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন। তারা দায়িত্বশীলতা, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবার মানোন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করবেন।



মন্তব্য করুন