কুলাউড়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত

December 24, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতরা হলেন-জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের দিলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (২০) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন সম্পর্কে বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদুল ইসলাম জুড়ী উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তাঁর বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটর সাইকেল কেনেন। বুধবার সকাল সাতটার দিকে জাবেদকে সাথে নিয়ে ওই সাইকেলে করে তিনি কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াদ ও জাবেদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই কুলাউড়া থানায় যান নুরু মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা। বিলাপ করতে করতে নুরু মিয়া বলছিলেন, ‘সকালে দোকান খোলার কথা বলি বাড়ি থাকি রের হল ছেলেটা (রিয়াদ)। বেড়াইতে গেছে জানতাম না। মোটরসাইকেল আমার ছেলের জীবনটা কেড়ে নিল।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ঘন কুয়াশায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, সম্প্রতি কুলাউড়া উপজেলার আছুরিঘাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে সড়ক বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর সাথে স্পিড ব্রেকার স্থাপনের বিষয়ে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন চলতি সপ্তাহেই কারিগরী দিক বিবেচনা করে স্পিড ব্রেকার স্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com