কুলাউড়ায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেন সাবেক চেয়ারম্যান বাচ্চু

January 28, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু। দীর্ঘদিন পর বিএনপির পুরনো দিনের কর্মী ফের রাজনীতিতে সক্রিয় হওয়ায় কুলাউড়ার দক্ষিণাঞ্চলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত মঙ্গলবার তিনি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রচারণায় নামেন। ওইদিন হাজীপুর ইউনিয়নের পাবই, রেলগেইট, পীরের বাজার, বিলের পাড়, পাইকপাড়া, মনু বাজার এলাকায় গিয়ে ধানের শীষের  পক্ষে  প্রচারণা চালান। এরপর রাতে কটারকোনা বাজারে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে গিয়ে তিনি স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে দেখা করে ধানের শীষের জন্য ভোট কামনা করেন এবং নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রোমান, বিএনপি নেতা রোশন আলী, মো. ফয়েজ উদ্দিন, কুলাউড়া উপজেলা যুবদলের সিনিয়র সদস্য কাওসার আহমেদ, হাজীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল মোমিত মাছুম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক  সভাপতি ফারুক মিয়া, ইউনিয়ন বিএনপির নেতা সুন্দর আলী লঞ্চু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান, সাংগঠনিক সম্পাদক মবশ্বির আলী, ফয়েজ উদ্দিন প্রমুখ। এক সময়ের তুখোড় সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু নব্বইয়ের শেষ দশকে মৌলভীবাজার সরকারি কলেজ ও সিলেট এমসি কলেজে ছাত্রদলের রাজনীতি করেছেন। হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সংগঠক এবং কুলাউড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এক প্রতিক্রিয়ায় আব্দুল বাছিত বাচ্চু বলেন, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে  বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিএনপির জন্য নিজের সেরাটা নিংড়ে দিয়ে কাজ করে যাবো। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের পক্ষে আমার নিজ ইউনিয়ন হাজীপুরসহ অন্যান্য ইউনিয়নে প্রচারণা চালাবো। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ শোভাকাঙ্খীদের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর অবশেষে জেলা বিএনপি থেকে দলীয় কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশ পান আব্দুল বাছিত বাচ্চু।

সোমবার ২৬ জানুয়ারি জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন যৌথ সাক্ষরিত এক পত্রে জেলা ও উপজেলা বিএনপির সাথে আলোচনা ও মতবিনিময়ের প্রেক্ষিতে দলের বৃহত্তর স্বার্থে তাকে সবধরনের অব্যাহতি পূর্বক কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করতে মাঠে নামার নির্দেশ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com